সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৩২) নামে এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে সাহাবুদ্দীন (৮) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) বিকেল সোয়া ৫টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আস্কারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদুল ইসলাম উপজেলার আস্কারপুর গ্রামের আনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হামিদুল ইসলাম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে হামিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া আহত হয় তার ছেলে সাহাবুদ্দীন। তাকে নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওএফ