ফরিদপুরে নানা আয়োজনে পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১২তম জন্মোৎসব চলছে।

বৃহস্পতিবার পল্লিকবির জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরস্থানের পাশে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনসারউদ্দিন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পল্লিকবির কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, হাসানউজ্জামান প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া পল্লিকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও জসীম উদ্যানে পক্ষকালের জসীম পল্লিমেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১০ জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে। মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, ১৯০৩ সালের এই দিনে তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তার মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়ির আঙিনায় তার প্রিয় ডালিম গাছের নিচে দাফন করা হয়।
জেআই