রাজধানী পল্লবীর কালশি কুর্মিটোলা এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল।

রোববার বেলা পৌনে ৪টা থেকে ৪টা পর্যন্ত (১৫ মিনিট) প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন, মানবাধিকার কমিশনের পরিচালক (তদন্ত) হোসনে আরা আক্তার। কমিশনের সদস্য সচিব এমএ সালাম, সহকারী পরিচালক ফাতেমা ফারজানা, সুস্মিতা পাইক এবং গাজী সালাউদ্দিন।

সূত্র জানায়, পরিদর্শনে গেলেও পরিচালক (তদন্ত) হোসনে আরা আক্তার তার গাড়ি থেকেই নামেননি। শেষ পর্যন্ত গাড়িতে অবস্থান করেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে সদস্য সচিব এম এ সালম বলেন, কমিশনের পরিচালক (ড. মিজানুর রহমান) দেশের বাইরে থাকায় তার নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ঘটনাটি খুবই নিন্দাজনক। যে বা যারাই এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে বিচার করা উচিৎ।

গতকাল শনিবার আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীর কালশি কুর্মিটোলা এলাকায় বিহারি-পুলিশ ও বাঙ্গালি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিহারিদের ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে একই পরিবারের ৯ জন ও গুলিতে ১ জন নিহত হন।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ