আজ মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীরা নজিরবিহীন সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন। একই সঙ্গে প্রশাসন ও নির্বাচন কমিশন সন্ত্রাসী কাজে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে ডা. শফিক বলেন,“আমরা বার বার বলে আসছি দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। প্রথম দফায় সারা দেশে ৭১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তা আবারো প্রমাণিত হলো। এ নির্বাচনে ইতোমধ্যে ৯৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তৃণমূল পর্যায়ের এ নির্বাচনে অতীতে কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার নজির নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রতিপক্ষ দল ও স্বতন্ত্র প্রার্থীরা যাতে নমিনেশন জমা দিতে না পারে সে জন্য মামলা, হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকে নির্বাচনে তারা নজিরবিহীন সন্ত্রাস চালিয়েছে। প্রশাসন সন্ত্রাস বন্ধ করার পরিবর্তে আওয়ামী সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনের নিকট অভিযোগ দায়ের করেও কোন লাভ হয়নি। আমি সরকার ও নির্বাচন কমিশনের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

তিনি বলেন, সাতক্ষীরা জেলায় কেন্দ্র দখল, জালভোট,  ভোটকারচুপি, অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়াও সদরে ৪টি, তালায় ৩টি, কলারোয়ায় ৩টি ও কালীগঞ্জে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাতক্ষীরার কুমিরায় নৌকা প্রতীকে জালভোট দিতে গিয়ে পুলিশের গুলিতে আওয়ামী লীগ নেতা ও তার ভাই আহত। কলারোয়া উপজেলায় কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে বাক্স ভর্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লক্ষীপুরের কমলনগরের প্রিজাইডিং অফিসারের সামনে জোর করে জাল ভোট দিয়েছে নৌকার সমর্থকরা। নেয়াখালীর হাতিয়ায় প্রিজাইডিং অফিসার আবদুল আওয়াল ও পোলিং অফিসার শাহদাত হোসেন দুর্বৃত্তের গুলিতে আহত। লক্ষ্মীপুরে ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ-বোমা বিস্ফোরনে ২০ জন আহত হয়েছে। ভোলার চরফ্যাশন ও মনপুরায় ৮ টি ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নৌকায় সীল মেরেছে আওয়ামী লীগ কর্মীরা।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ২ ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ। বেতাগীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেতাগী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো: বশিরুল আলম পলাশ নামে এক প্রার্থীসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

এছাড়া পটুয়াখালীর কলাপাড়া, বগুড়া জেলার সারিয়াকান্দি, চট্টগ্রামের সীতাকুন্ড, ময়মনসিংহের পয়ারীতে ব্যালট বাক্স চুরির সময় আ. লীগ প্রার্থী আটক। মাদারীপুরে ভোট কারচুপি ও এজেন্টদের জোর পূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আক্কাস মোল্লা ভোট বর্জন করেছে। এভাবেই সারা দেশে তারা সন্ত্রাস চালিয়েছে। অথচ নির্বাচন কমিশন ও প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। জনগণের ভোটাধিকার হরণকারী এ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এম আর