জামায়াত নেতা আলী আহসান মুহম্মদ মুজাহিদের দেওয়া ফাঁসির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে মিছিলটি বিনোদপুর গেট থেকে শুরু করে মির্জাপুর মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়।
জানা যায়, বুধবার সন্ধার পরে ছাত্রশিবিরের ৩০-৪০ জন নেতাকর্মী বিনোদপুর গেট থেকে হটাৎ হরতালের সমর্থনে মিছিল শুরু করে।
মিছিলটি মির্জাপুর মসজিদ পর্যন্ত গেলে পুলিশের খবর পেয়ে তারা পালিয়ে যায়। পরে সেখানে দুইটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ককটেল বিস্ফোরণে ওই এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
মিছিলের ব্যাপারে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘কয়েকজন দুস্কৃতিকারী হরতালের সমর্থনে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।’
ককটেল বিস্ফোরনের কথা অস্বীকার করে শিবির কর্মী ফরহাদ হোসেন বলেন, ‘হরতালের সমর্থনে শিবির কর্মীরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করে চলে আসে। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে ককটেল বিস্ফোরণ করে শিবিরের উপর দোষারোপ করছে’।
এমকে





