লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশ টুটুলসহ তিন লেখকের উপর হামলার ঘণ্টা চারেকের মধ্যেই কুপিয়ে হত্যা করা হলো জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেব রায় বিষয়টি জানান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. রিয়াজ মোরশেদ বলেন, তিনি গুরুতর আঘাত পেয়ে ঢামেকে আসেন। আমরা পরীক্ষা করে জেনেছি তিনি মৃত।

নিহত দিপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক সাংবাদিকদের বলেন, আজ দুপুর দেড়টা পর্যন্ত দিপন তাঁর সঙ্গেই বাসায় ছিলেন। পরে তিনি শাহবাগে তাঁর প্রকাশনী প্রতিষ্ঠানে যান। খোঁজ নেওয়ার জন্য তিনি কয়েকবার ছেলেকে ফোন করেন। কিন্তু ছেলে ফোন ধরেননি। বিকেল চারটার দিকে তিনি আজিজ সুপার মার্কেটের তিন তলায় ১৩১ নম্বর রুমের সামনে যান।

নিহতের বাবা আরও বলেন, ওই সময় তিনি কার্যালয়ের দরজা খুলতে গিয়ে বন্ধ পান। এ সময় কাচের দরজা দিয়ে ভেতরে আলো জ্বলতে দেখেন। ছেলে বাইরে গেছে ভেবে তখন তিনি সেখান থেকে চলে যান।

পরে ছেলের বউকে ফোন করলে জানতে পারেন, দুর্বৃত্তরা লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। এই কথা শুনে তিনি লোকজন নিয়ে আবার ছেলের কার্যালয়ে গিয়ে দরজা ভেঙে দেখেন, রক্তাক্ত অবস্থায় তাঁর ছেলে পড়ে আছে।

ওই অবস্থায় দিপনকে উদ্ধার করে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ব্লগার মাহমুদুল হক মুন্সী বাঁধন বলেন, আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা হয়।

গত ফেব্রুয়ারিতে টিএসসিতে সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিত রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করেছিল জাগৃতি প্রকাশনী।

নিহত দীপন লেখক ফজলুল হকের একমাত্র ছেলে। চল্লিশোর্ধ্ব দীপন ছিলেন দুই ভাই-বোনের মধ্যে বড়।

উদয়ন স্কুলে লেখক অভিজিত রায়ের সহপাঠী ছিলেন ফয়সল আরেফিন দীপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে লেখাপড়া করেছেন তিনি। তার স্ত্রী একজন চিকিৎসক। তাদের দুই সন্তান রয়েছে।

দীপনের উপর হামলার বিষয়টি সন্ধ্যায় জানাজানি হয় বলে আজিজ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোরসালিন আহমেদ জানান। এর পরপরই মার্কেটের দোকান-পাট বন্ধ হয়ে যায়।

পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, “এ হত্যাকাণ্ড পরিকল্পিত। একাধিক ব্যক্তি এ হত্যায় অংশ নিয়েছিল বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে কথা বলেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, দেশের মানুষের যে কোন নিরাপত্তা নেই আজকের ঘটনাগুলোর মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে। এ সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এ ঘটনার প্রতিবাদে মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।

এমকে/ কেবি/এআই