আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শুক্রবার (১০ এপ্রিল) প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তিন সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরে ১৬ জন, দক্ষিণে ২০ জন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ মেয়র প্রার্থী।

এসব প্রার্থীদের শুক্রবার প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে প্রার্থীদের পছন্দকেই প্রাধান্য দেওয়া হবে। তবে একই প্রতীক যদি একাধিক প্রার্থী দাবি করেন, তবে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক দেবেন।

ডিসিসি উত্তর নির্বাচনের প্রতীক আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ও দক্ষিণে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চসিক নির্বাচনের প্রতীক মুসলিম ইনস্টিটিউটে দেওয়ার কথা রয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান।

এদিকে ইসি সংরক্ষিত প্রতীকের চেয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় এবার অতিরিক্ত ৩০টি প্রতীক থেকে বরাদ্দ দিতে হবে নির্বাচন কমিশনকে। কেননা, মেয়র পদে ইসির প্রতীক হচ্ছে ১২টি। কিন্তু ডিসিসি উত্তরে প্রার্থীর সংখ্যা ১৬ ও দক্ষিণে ২০ জন।

অন্যদিকে সাধারণ কাউন্সিলরদের সংখ্যাও ইসির সংরক্ষিত প্রতীকের সংখ্যার চেয়ে বেশি। যে কারণে কাউন্সিলর পদেও অতিরিক্ত প্রতীক থেকে বরাদ্দ দিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুসারে তিনটি পদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করেছে ইসি। এরমধ্যে মেয়র পদে ১২টি, সাধারণ কাউন্সিলর পদে ১২টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ১০টি প্রতীক ছিল।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

কেএইচ