রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ভয়াবহ আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আশপাশের অনেকগুলো টিনের ঘরও পুড়ে গেছে বলে জানা যায়।
রাত সাড়ে ন'টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রনের বাইরে ছিল। পাশাপাশি দমকা হাওয়ায় আগুনের লেলিহান শিখা বার বার উপরের দিকে উঠছিল।
এদিকে, আগ্নিকাণ্ড চলাকালে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে কারওয়ান বাজার এলাকায় যেসব বিদ্যুতের ট্রান্সফার্মার রয়েছে সেগুলো বিস্ফোরিত হওয়ায় ওই শব্দ হয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলা আগুনে কয়েকশ দোকান পুড়ে ছাই হয়ে যায়। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, পানির সংকট দেখা দেওয়ায় আগুন নিয়ন্ত্রনের কাজ ব্যহত হচ্ছে বলেও জানা গেছে। আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ার আশংকায় এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানা গেছে।
তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। ছুটির দিন হওয়ায় মার্কেটে লোকজন কিছুটা কম ছিল।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
হাসিনা মার্কেটে ২ শতাধিক দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। লেপ-তোশক, কাচাবাজার, ফোন ফ্যাক্স, গ্যাস সিলিন্ডারসহ দেশের বৃহত মার্কেটে রয়েছে বহুমুখী দোকান।
এদিকে, মার্কেটের ভেতর থেকে অনেকে বের হতে পারলেও কেউ কেউ আটকা থাকতে পারেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে নেমে পড়েছে। তবে ব্যাপক বাতাসের কারণে আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে চলছে।
স্থানীয়দের অভিযোগ আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকদের খবর দিলেও তারা প্রায় ১ ঘণ্টা দেরী করে আসে। আর ততক্ষণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এদিকে অগ্নিকাণ্ডস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক উৎসুক জনতা। মানুষের ভীড়ে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে।
কেবি





