ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতের নাম রুটি সোহেল। সে হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার চার্জশীটভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে জানান, “ একরাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রুটি সোহেল।”

গত ২৪ মে একরাম হত্যাকাণ্ডে ‘জড়িত’ সাতজনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব জানিয়েছিল, আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জের ধরেই এ হত্যাকান্ড ঘটেছিল।

গ্রেফতারকৃত সাতজনের মধ্যে ফেনী সদরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারীর মামাত ভাই আবিদুল ইসলামও (২২) রয়েছেন। আবিদের মা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগের দুই নেতার নাম জানিয়ে বলেছেন, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তারা।

এরা হলেন- ফুলগাজী উপজেলা শাখার যুগ্মসম্পাদক জিহাদ চৌধুরী এবং ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলু।

গত ২০ মে ফেনী শহরে যে এলাকায় প্রকাশ্যে একরামকে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়, শিবলু ওই এলাকার কাউন্সিলর এবং জিহাদের বাসাও ওই এলাকায়।তবে শিবলু ফেনী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।আবিদসহ গ্রেফতারকৃতরা সবাই বয়সে যুবক।

গ্রেপ্তার অন্যরা হলেন- কাজী শানান মাহমুদ (২৩), জাহিদুল ইসলাম সৈকত (২২), চৌধুরী মো. নাফিজ উদ্দিন (২০),  শাহজালাল শিপন (২২), মো. জাহিদ হোসেন, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারি সিফাত (২৩) এবং হেলালউদ্দিন (২৩)।

এদের মধ্যে হেলাল ছাড়া বাকি সবাই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলে র‌্যাব দাবি করে আসছে। পরে জাহিদকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়।

অন্য সাতজনকে গ্রেপ্তার করা হয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় হেলালের বাড়ি থেকে। ছয় খুনিকে আশ্রয় দেয়ায় হেলালকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানায়।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে হত্যার পর তার ভাইয়ের করা মামলায় বিএনপি নেতা মাহতাব মিনারকে আসামি করা হলেও দলের একটি অংশ নিজাম হাজারীর দিকে অভিযোগের আঙুল তুলেছিল।

তবে নিজাম এই অভিযোগ প্রত্যাখ্যান করে তার আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী ও বিএনপিকে দায়ী করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ফুলগাজীতে একরামের সঙ্গে জিহাদের দ্বন্দ্ব ছিল। আর এক্ষেত্রে নিজামীর সমর্থন ছিল জিহাদের দিকে।

কয়েক মাস আগে উপজেলা পরিষদ নির্বাচনের আগে জিহাদকে বহিষ্কার করেছিলেন একরাম, তবে এককভাবে নেয়া তার ওই সিদ্ধান্ত পরে প্রত্যাহার করা হয়।

জিহাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে র‌্যাবের সেসময়ের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান বলেছিলেন, “কে কোন দল করে, সেটা আমরা জানি না। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা অপরাধী। এটাই তাদের বড় পরিচয় র‌্যাবের কাছে।”

কাউন্সিলর শিবলুর বিষয়ে তিনি বলেন, “শিবলু আবিদদের তথ্য দিয়েছিল যে একরামের গাড়ি একাডেমি এলাকায় প্রবেশ করেছে। তার বিষয়ে আপাতত এতটুকুই জানা গেছে।”

পরিকল্পনা জানিয়ে ‘পিস্তল দেন’ জিহাদ

দিনের বেলায় ব্যস্ত সড়কে সশস্ত্র হামলা চালিয়ে একরামকে হত্যাকাণ্ডে ৪০ থেকে ৫০ জন অংশ নিয়েছিল বলে র‌্যাবের ধারণা।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো জিহাদই দিয়েছিল বলে গ্রেপ্তার সাতজন র‌্যাবকে জানিয়েছে। “পরে তারা নিজেদের কাছে থাকা পিস্তল জিহাদের কাছে জমা দেয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে,” বলেন র‌্যাব মুখপাত্র হাবিব।

ঘটনার দিন একরাম ফেনী শহরের মাস্টার পাড়ার বাসা থেকে তার প্রাইভেটকারে আরো চারজনকে নিয়ে ফুলগাজীর পথে রওনা হয়েছিলেন।

সকাল ১১টার দিকে একাডেমি এলাকায় বিলাসী প্রেক্ষাগৃহের সামনে একটি ইজিবাইক দিয়ে প্রথমে তার গাড়ি আটকে ফেলা হয়েছিল। এরপর গাড়িতে থাকা অন্যদের কুপিয়ে ও পিটিয়ে বের করে আনা হয়।

একরামকে গুলি চালানোর পর ভেতরে আটকে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল বলে পুলিশ জানায়। আগুনে একরামের দেহ পুরোপুরি পুড়ে যায়।     

গ্রেপ্তার আবিদ র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সেদিন সকালেই তারা ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়েছিলেন। সকাল ৮টার দিকে শিফাত, শানান, সানি, রাহাত, মোহন, অনিক ও সৈকত তার কাছে আসেন।

জেইউ