ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার জেরে বাংলাদেশের সঙ্গে সীমান্তে কড়া নজরদারি চলছে। গত আট দিনে অনুপ্রবেশের অভিযোগে সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ ১৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
১১ অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে পুলিশ ২৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের সন্ধানে অবৈধভাবে পশ্চিমবঙ্গে যাচ্ছিলেন। একই দিনে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত থেকে নয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন স্থান থেকে ১৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
১৩ অক্টোবর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন বাংলাদেশি। ১৫ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে গ্রেপ্তার করা হয় ২৫ বাংলাদেশিকে। তাঁরা বর্ধমানকাণ্ডের পর ভীত হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হন। একই দিন দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামে গ্রেপ্তার হন ১০ বাংলাদেশি।
১৬ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হন ১৪ বাংলাদেশি। বাদুরিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে গ্রেপ্তার হন পাঁচ বাংলাদেশি। আর কোচবিহারের খোলটা গ্রাম থেকে পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে।
সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে বিএসএফ ও সীমান্ত এলাকার থানাগুলো।
এএইচ





