ময়মনসিংহের গফরগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ তেকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন- বিএনপি নেতা কাজী রানা, মাহবুব, রতন আকন্দ, জেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা প্রমুখ।
মিছিলটি শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে পৌঁছতেই পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ইউটার্ন নিয়ে নতুন বাজার ট্রাফিক মোড়ে সমাবেশ করে।
সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন ছাত্রদল নেতা কমল হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার জেলার সব উপজেলায় বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি এবং রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত রোববার দুর্বৃত্তদের হামলায় গফরগাঁওয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল গুরুতর আহত হন।
সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ছাত্রদল নেতারা ছাত্রলীগ জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে।
ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





