উপযুক্ত প্রমানাদী না থাকায় দিনাজপুরে ৬০১ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে।

অভিযোগ উঠেছে স্থগিতরা ভুয়া মুক্তিযোদ্ধা। কিন্তু কেউ কেউ বলছেন,কাগজপত্র হারিয়ে ফেলে বা খোয়া যাওয়ায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কিছু প্রকৃত মৃক্তিযোদ্ধার পরিবার অনাহারে- অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন।

দিনাজপুর সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রেরীত তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ৪ হাজার ১’শ ৯৪ জন। ভুয়া সনদপত্র দিলেও প্রয়োজনীয় ৪টি গুরুত্বপূর্ণ প্রমানপত্র দিতে পারেনি এমন ৬’শ ১ জন মুক্তিযোদ্ধাদের ভাতা দীর্ঘদিন ধরে স্থগিত রাখা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর যাচাই বাছাই করতে গিয়ে ৬’শ ১ জন মুক্তিযোদ্ধার ৪টি গুরুত্বপূর্ণ প্রমানপত্র পায়নি। ফলে তাদের ভাতা স্থগিত রাখা হয়েছে। এই ভূয়া মুক্তিযোদ্ধা নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবী জানিয়েছেন।

অনেক ভুয়া মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে ভাতা উত্তোলন করছে তাদের ভাতা ফেরত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবী জানাচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের ভুয়ার কলংক থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের দাবী যারা জাতীর মর্যাদাশীল মুক্তিযোদ্ধাদের হ য ব র ল অবস্থা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ষ্টিফেন মুর্মু’র সঙ্গে ভাতা স্থগিত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ভুয়া বলতে পারবো না, তবে মুক্তিযোদ্ধার প্রমান স্বরূপ ৪টি প্রমানপত্র জমা দিতে হবে তা দিতে না পারায় জেলায় ৬’শ ১ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করে রাখা হয়েছে।

এমবি