দেরিতে পৌঁছানোর কারণে ঢাকায় বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে বুধবার সকাল ৬টা থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শিথিল করা হয়েছে। ধর্মঘট চলবে সন্ধ্যা পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে অনির্ষ্টিকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ধর্মঘট শিথিল করা হয়েছে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে দূর পাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বেলা সোয়া ১১টায় জানান, শান্তিপূর্ণভাবে ধর্মঘট চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাস পৌঁছাতে দেরি হওয়ায় রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে চালককে পিটিয়ে হত্যা করে যাত্রীরা। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কেএইচ