যশোরের বেনাপোলে সিএন্ডএফ কর্মচারিকে কাষ্টমস-ইমিগ্রেশনে ঢুকতে বাধা দেওয়ায় কাস্টমস ও সিএন্ডএফ কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএন্ডএফ এজেন্ট এ আর এন্টার প্রাইজের কর্মচারী নজরুল ও কাজ এন্টার প্রাইজের কর্মচারী কবীর তাদের এক আমদানিকারক পাসপোর্টযাত্রীকে সঙ্গে নিয়ে চেকপোস্ট কাস্টমসে ঢোকেন।

এসময় কাস্টমসের সিপাই আব্দুল্লাহ ও অপূর্ব নজরুল ও কবীরকে ভিতরে প্রবেশে বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারপিট শুরু হয়।

বিষয়টি সিএন্ডএফ কর্মচারীরা জানতে পেরে এর প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেন।

এরপর সিঅ্যান্ডএফ কর্মচারীরা চেকপোস্ট কাস্টমসে ঢুকে সিপাই অপূর্বকে মারপিট করে। এতে ৩ জন আহত হন। প্রাথমিকভাবে ২ জনকে চিকিৎসা দেওয়া হয়। এবং সিপাই অপুর্বকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয় ও আধাঘণ্টা পর আমদানি-রফতানি বাণিজ্য সচল হয়।

বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার এবিএম শফিকুর রহমান জানান, আমরা আইনগত ব্যবস্থা নেব।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ