ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে এনামুল হক (২৫) ও হাসান আলী (১৮) নামে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
গত রোববার রাত ১০টার দিকে তাদের ধরে নিয়ে যায়।
সূত্র মতে, এনামুল হক উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে এবং হাসান আলী একই গ্রামের ইসমাইল আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানায়, রোববার রাত ৮টার দিকে এনামুল ও হাসান ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, আটকদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।
এএইচ





