মানববন্ধন ও আলোচনা সভা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সকালে ভোলায় নাসরিন ট্রাজেডির ১১তম বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ও বিষাদময় নৌ দুর্ঘটনা এমভি নাসরিন-১ লঞ্চ ট্রাজেডির ১১তম বার্ষিকী উপলক্ষে নৌ দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে জেলার লালমোহনে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন।

লালমোহন মিডিয়া ক্লাব, নান্দনিক থিয়েটার সার্কেল, প্রজন্ম থিয়েটার এবং বাজার ব্যবসায়ী সমিতি সকাল ১০টায় স্থানীয় চৌরাস্তা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অনারারি ক্যাপ্টেন (অব.) মাহে আলম কুট্টি, মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শান, ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুন্নবী সুমন, নান্দনিক থিয়েটার সার্কেলের সভাপতি মো. জসিম জনি প্রমুখ।

বক্তারা নদীপথে লঞ্চডুবে আর যেন অকালে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে- সে জন্য লঞ্চ মালিকদের অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা বন্ধ করার জন্য অনুরোধ জানান। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফিটনেসবিহীন লঞ্চ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে ন্যাচালাল হলে লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে 'বারবার নৌ দুর্ঘটনা : প্রতিরোধ করতেই হবে' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে এতে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই