সম্মিলিতভাবে সবার সহযোগিতা পেলে দুর্নীতি রোধ করা সম্ভব বলে মন্তব্য করে বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান।
শনিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি মানুষের রক্তের সঙ্গে মিশে গেছে। কোনো রকমেই এটি দূর করা যাচ্ছে না।
তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় দুর্নীতিবাজরা গ্রেফতার হলেও তখন আন্দোলন-সংগ্রাম হয়নি, সুযোগও ছিল না। এখন দুর্নীতিবাজদের ধরলেই বিভিন্ন মাধ্যমে তারা পার পাওয়ার চেষ্টা করে।
স্বেচ্ছাসেবী সংগঠন স্যোশাল করেসপন্ডেন্ট বাংলাদেশের আয়োজনে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকিবুল আহছান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ও স্যোশাল করেসপন্ডেন্টের সংগঠক আবদুল্লা আল মামুন প্রমুখ।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





