মহানবী হযরত মোহাম্মদ (সা.), হজ ও তাবলীগ জামাত নিয়ে কুটূক্তি করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের নছর উদ্দিন মার্কেট থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পৌর বাজার এলাকায় এলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে তা ঘুরে কুড়িগ্রাম সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুড়িগ্রামের সভাপতি মাওলানা মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোকছেদুর রহমান, হাফেজ মমিনুল ইসলাম জিহাদী প্রমুখ।

সমাবেশ থেকে গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দ্রুত ফাঁসির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

জেআই