বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি জানান, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে এর তদন্ত হওয়া প্রয়োজন।
নির্বাচন কমিশনের অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির কাছে দেওয়া দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের চিঠির প্রতি সমর্থন জানাতে বুধবার (০৯ জুন) সকালে ভার্চুয়ালি আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সুজন সম্পাদক এইসব বলেন।
সুজনের ওয়েবসাইটে ঢুকে যেকোনো নাগরিক তাঁদের এই দাবির প্রতি সমর্থন জানাতে পারবেন বলে জানান তিনি।
গত বছরের ১৪ ডিসেম্বর এবং এ বছরের ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনের অনিয়মের কথা তুলে ধরে, তা তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচন কমিশন অতীতেও নির্বাচন নিয়ে কারসাজি করেছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। এই বিষয়ের একটা বিহিত হওয়া দরকার। অন্তত একটা তদন্ত হওয়া দরকার।”
“এজন্য আমরা রাষ্ট্রপতির কাছে দুটি চিঠি লিখেছিলাম ৪২ জন নাগরিকের পক্ষ থেকে। ইস্যুটা শুধু সামনে আনলেই চলবে না, আমাদের নাগরিকদের সোচ্চার হওয়া দরকার। গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে নাগরিকদেরকে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ করে দিতে পারছি।” বলেন সুজন সম্পাদক।
এমবি





