বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৪ হাজার ১শ’ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চোরাইপথে এ সব পণ্য বাংলাদেশে আনার সময় যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শুক্রবার এগুলো জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ২ লাখ ২ হাজার টাকার ভারতীয় গাড়ির যন্ত্রাংশ, ৩ লাখ ৯৪ হাজার টাকার থ্রি-পিস, ৭ লাখ টাকার তৈরি পোশাক-প্যান্ট ও গেঞ্জি, ১ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার কসমেটিকস ও ইমিটেশন, ৪২ হাজার টাকার কিসমিস, ৩৬ হাজার টাকার পটকাবাজি এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল।
বেনাপোলের ভারতীয় সীমান্তসংলগ্ন আমড়াখালী, সাদিপুর, শালবাগান এবং এমপির মোড় এলাকায় অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করা হয়েছে বলে জানান বিজিবি-২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী।
তিনি জানান, জব্দ করা পণ্য যশোর ও বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





