সিলেট জেলায় বুধবার যৌথভাবে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে জেলা ছাত্রদল ও ছাত্রশিবির।
মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সেক্রেটারি লুকমান আহমদ, সিলেট জেলা সভাপতি সাঈদ আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মু.আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাশুক আহমদ, শাবিপ্রবি সভাপতি সাইফুল ইসলাম সুজন, সিলেট জেলা পূর্ব সভাপতি এস এম মনোয়ার হোসেন, জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ এই কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মুবিন চৌধুরী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ছাত্রদল-শিবির নেতারা বলেন, অবৈধ সরকারের পতনের দাবিতে সারাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখনই সরকার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের গ্রেফতার করে আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়।
এরই অংশ হিসেবে শমশের মুবিন চৌধুরী, এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, নগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সুহেল আহমদসহ শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে।
বক্তারা বলেন, এভাবে গণগ্রেফতার চালিয়ে নিজেদের পতন ঠেকাতে পারবেনা অবৈধ সরকার। অবিলম্বে শমসের মুবিন, অ্যাডভোকেট জুবায়েরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সর্বস্তরের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
জেএ





