সিলেটে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহবুব কাদির শাহীসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার বিকাল সোয়া ৩ টায় নগরীর সুবিদবাজারে সানরাইজ কমিউনিটি সেন্টারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের বিয়ের অনুষ্ঠানে আসেন ছাত্রদল নেতা জিলু খুনের মামলার প্রধান আসামি আরেক ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহীসহ নেতাকর্মীরা।
এসময় নিহত জিলুর সহপাঠী ছাত্রদল নেতাকর্মীরা বিয়ের সেন্টারে ঢোকার পথে তাদের ওপর হামলা করে। হামলায় শাহীসহ কয়েক নেতাকর্মী আহত হন।
হামলাকারীদের প্রতিহত করতে ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহী গ্রুপের নেতাকর্মীরা পাল্টা হামলা করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌছার আগে উভয় পক্ষ পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





