নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশিরউদ্দিনকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মদনপুর ইউনিয়নের কেওঢালা কেন্দ্র দখলকে কেন্দ্র করে এ হুমকি দেন তিনি। শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী একেএম সেলিম ওসমান সমর্থকরা ওই কেন্দ্রটি দখল করতে যান। এ সময় সেখানে দায়িত্ব পালনরত সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশিরউদ্দিন তাদের বাধা দেন।
সেলিম ওসমান সমর্থকরা এ খবর শামীম ওসমানকে জানালে তিনি ওই সহকারী পুলিশ সুপারকে মুঠোফোনে কেন্দ্র দখলে বাধা দিতে নিষেধ করেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেন শামীম ওসমান।
এ সময় বশিরউদ্দিনের পাশে দাঁড়ানো ছিলেন র্যাব কর্মকর্তা মেজর সোহেল। মোবাইলের লাউড স্পিকারে শামীম ওসমানের সঙ্গে কথোপকথন মেজর সোহেলকেও শোনান তিনি।
বশির বলেন, শামীম ওসমান আমাকে বলেছেন- ‘সালাম যা খুশি তাই করবে তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। তোমার বিষয়টা আমি দেখব।’
উত্তরে বশির বলেন, ‘আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় আছি। ইসি যদি আমাকে বলে তাহলে কিছু করা সম্ভব। এর বাইরে আমার পক্ষে কোনো ধরনের অনৈতিক কাজ তথা কেন্দ্র দখলের চেষ্টায় সহযোগিতা করতে পারব না।’
এ সময় শামীম ওসমান তাকে বলেন, ‘তুই কী করবি। তোর মতো অফিসারকে আমি দেখে নেব। আমি প্রধানমন্ত্রীকে তোর কথা জানিয়েছি। তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পরে শামীম ওসমান হুমকির সুরে বশিরকে বলেন- ‘তুমি কিভাবে চাকরি কর, তা আমি দেখে নেব।’
এ ব্যাপারে দুপুর আড়াইটায় শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন এ ধরনের অভিযোগ শোনার সময় নাই।
বশিরউদ্দিন বলেন, পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিনকে বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সেলিম ওসমান শামীম ওসমানের বড় ভাই।
ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস // কেবি





