করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৬৩ জনের।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (০৬ সেপ্টেম্বর) বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৬৭ জনের।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় তিনজন, খুলনা, বাগেরহাট ও যশোরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৬০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ১২ জন।

এমবি