ময়মনসিংহ সদর উপজেলার অষ্টাধার ইউনিয়ন থেকে বস্তাভর্তি মানুষের কঙ্কালসহ পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আকবর আলীর নেতৃত্বে সদর উপজেলার অষ্টাধার ইউনিয়নের কুটরাকান্দা গ্রামে অভিযান চালিয়ে বস্তাভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়।

এ সময় পাচারকারী চক্রের সদস্য এরশাদ (২৭) ও সাইফুলকে (৩০) পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশের হাতে গ্রেফতার এরশাদ জানায়, তারা দীর্ঘদিন ধরে সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের বিভিন্ন গ্রামের কবর থেকে রাতে কঙ্কাল উত্তোলন করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসাপাতালে ৩-৪ হাজার টাকায় বিক্রি করে।

গ্রেফতার এরশাদের বাড়ি সদর উপজেলার অষ্টাধার ইউনিয়নের কুটরাকান্দা এবং সাইফুলের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সূচাপুরা গ্রামে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ