জেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ছাত্রী লাবনী রায়কে অপহরণ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।
টুনিরহাট ডিগ্রি কলেজ ও পঞ্চগড় জেলা জাগপা ছাত্রলীগ যৌথভাবে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক এলাকায় বৃহস্পতিবার দুপুরে কর্মসূচি পালন করে।
এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জাগপা ছাত্রলীগের নেতাকর্মী, পরিবারের লোকজন ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- টুনিরহাট কলেজের শিক্ষক আব্দুল কাদের, শাহরিয়ার বিপ্লব, জাগপা নেতা শাহাদাৎ হোসেন সেলিম, বাবুল হক, লাবনীর বাবা রমেশ চন্দ্র, কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার লিপি, জেসমিন আক্তার, খুশি আকতার প্রমুখ।
বক্তারা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে লাবনী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন।
উল্লেখ্য, ২৮ জুন জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা লাহিড়ীপাড়া এলাকায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী লাবনী রানী রায়ের মৃতদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান জানান, ঘটনার পর থেকেই আসামি ও তার সহযোগীরা পলাতক। আমরা গ্রেফতারের চেষ্টা করছি।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





