কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দু্ইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিদুল ইসলাম (৪০) ও তার সহযোগী ইয়াছিন আলী (৪০)। আটকের সময় তাদের কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

র‌্যাব ১২-কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাজার এলাকার সেকেন্দার আলীর বাড়িতে অভিযান চালায়।

এ সময় বোয়ালিয়া ইউপির সাবেক সদস্য রহিদুল ইসলামকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করে র‌্যাব। এ সময় রহিদুলের সহযোগী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী এলাকার ইয়াছিন আলীকে আটক করা হয়।

রহিদুল মেম্বারের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ ওই এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ব্যাপারে অস্ত্র আইনে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

কেএইচ