করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান শাহিন  (৪৫) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নির্বাচন কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

সাইফুজ্জমান শাহিনের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী। তার বাবার নাম ইদ্রিস আলী। সাইফুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

ডা. মহিউদ্দিন খান বলেন, জ্বর নিয়ে এবিএম সাইফুজ্জামান শাহীন গত ২৮ জুলাই করোনা ইউনিটের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পাশাপাশি অক্সিজেন লেভেল কমে যাচ্ছিলো। তবে আইসিইউর কোনও বিছানা খালি না থাকায় তাকে সেখানে স্থানান্তর করা সম্ভব হয়নি।

এ বি এম সাইফুজ্জামান নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ প্রশাসনে ইসি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহের আগে সিলেটে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন কমিশন থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এমবি