বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গাজীপুরে দুটি পৃথকস্থানে যাত্রীবেশে দুই বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।

বুধবার বিকাল পৌনে ৪টা ও সোয়া ৩টার দিকে এ দুটি ঘটনা ঘটে।

এরমধ্যে, বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেবা হাসপাতালের সামনে নবীনগনগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে উঠে আগুন লাগিয়ে দেয় হরতাল-অবরোধকারীরা।

এর আগে, বিকাল সোয়া ৩টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী সাতাইশ পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দেয় তারা।

তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতারুজ্জামান লিটন জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন স্থানীয়ভাবে নেভানো হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেএইচ