সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের সুরমা নদীতে পাথরবোঝাই একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোটঘাগটিয়া এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো. আসাদ আলী (৩০) ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. জালাল আহমেদর ছেলে ও মো. মনির হোসেন (২০) একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই করে একটি স্টিলবডি নৌকা ভৈরব যাচ্ছিল। পথে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের শ্রমিকরা সুরমা নদীতে নৌকাটি নোঙর করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে আশপাশের লোকজন দেখে নোঙর করা নৌকাটি ডুবে গেছে। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের নিয়ে চেষ্টা করে নিখোঁজ শ্রমিক ও ডুবন্ত নৌকাটি উদ্ধারের চেষ্টা চালায়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, নিখোঁজ শ্রমিক ও ডুবন্ত নৌকাটি উদ্ধারের জন্য সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদের ডাকা হয়েছে।

এমই