বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে অফিসে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্রদ্ধা জানাতে সঞ্জীব চৌধুরীর মরদেহ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে, তারপর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেওয়া হবে। পরে পোস্তাগোলা শশ্মনে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সঞ্জীব চৌধুরীর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে সঞ্জীব চৌধুরীর মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব হাসপাতালে গিয়ে প্রয়াতের স্ত্রী শ্যামা চৌধুরী, ছেলে দেবাশীষ চৌধুরী ও মেয়ে দেবাঙ্গন চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা জানান।

সঞ্জীব চৌধুরী সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন। এর আগে আমার দেশ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা ছিলেন।

এএইচ