আগামী শনিবার থেকে সিলেটে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।

ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে একই স্থানে সোমবার থেকে শুরু হবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এ মেলাও চলবে দুদিন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

তিনি আরো জানান, ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিষয়ভিত্তিক ৪টি প্যাভিলিয়নের (সরকারি ই-সেবাসমূহ, শিক্ষা, ই- কমার্স ও তরুণ উদ্ভাবক-প্রদর্শনী ও প্রতিযোগিতা) মাধ্যমে ই-সেবা ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও মেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, তরুণ উদ্ভাবকদের নিয়ে ‘সলভ এ থন’ প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ে সেমিনার থাকবে।

এদিকে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে একই স্থানে আগামী সোমবার থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হবে। ঢাকাস্থ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা।

এআইজে