চুয়াডাঙ্গায় ভারতীয় মদসহ সাদ্দাম হেসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাদ্দাম জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান শুক্রবার দুপুর পৌনে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকা থেকে সাদ্দামকে ৯ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। পরে তাকে জীবননগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজের কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাদ্দামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তাকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে গভীর রাতে জীবননগরের মাধবখালী গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধার মদ ও ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হয়েছে।
জেআই





