সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম তুষার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের জাবি শাখার সহ-সভাপতি।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শুক্রবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুষার বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম আবর্তনের পরিসংখ্যান বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।

দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা ছাত্রদলের জাবি শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত জানান, আশুলিয়ার কাঠগড়ায় সাবেক ছাত্রদল নেতা কবিরের কবর জিয়ারত শেষে জাবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিআরটিসির আর্কুলেটেড বাসযোগে সাভার ফিরছিলেন। এসময় তুষার বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে ছিলেন।

তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে যুব উন্নয়ন কেন্দ্রের কাছাকাছি বাসটি পৌঁছলে এর পেছনের অংশ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ময়লা বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তুষারকে এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ছাত্রদলের জাবি শাখা শোক জানিয়েছে।

এসএ