গাজীপুরের টঙ্গীতে ট্রাকে উঠে চালককে ছুরি মেরে হত্যার পর তার মোবাইল ফোন ও টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

রোববার ভোররাতে বাস্তুহারা (এরশাদনগর) এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান।

নিহত বুলবুল আহমেদের (২৬) বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার হামজানি কুড়িপাড়া এলাকায়। নারায়ণগঞ্জ থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ে বগুড়া যাচ্ছিলেন তিনি।

চালকের সহকারী তাজেল মিয়ার বরাত দিয়ে এসআই সুমন জানান, বুলবুল ট্রাক নিয়ে রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী পৌঁছানোর পর যাত্রাবিরতি করেন।

“রাস্তার পাশে ট্রাক রেখে বুলবুল তার সহকারী তাজেলকে পান আনতে দোকানে পাঠান। এ সময় খোলা দরজা দিয়ে তিন/চারজন ছিনতাইকারী ট্রাকে উঠে বুলবুলের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। বুলবুল বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথা, গলা ও পায়ে ছুরি মেরে নেমে যায়।”

দোকান থেকে ফেরার পথে তাজেল এ ঘটনা দেখে দৌঁড়ে গিয়ে লোকজন ডেকে আনেন। তারা এসে বুলবুলকে ট্রাকের ভেতরে রক্তাক্ত অবস্থায় পান। টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মো. মামুন অর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই ওই ট্রাক চালকের মৃত্যু হয়েছিল।

এসআই সুমন জানান, বুলবুলের লাশ ময়নাতদন্তের জন্য সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমকে