সারাদেশে গুম,খুন, নির্যাতনের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম। কেন্দীয় শিক্ষা সম্পাদক মো. মোবারক হোসাইনের নেতৃত্বে রোববার সকালে রাজধানীর মিরপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে মোবারক হোসাইন বলেন, অবৈধ,খুনী ও দখলবাজ সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশব্যাপী কথিত বন্দুকযুদ্ধ,ক্রসফায়ার ও এনকাউন্টারের নামে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা,গুম,পঙ্গু এবং আহত করেছে।

একই সাথে বিরোধী দলের হাজার হাজার কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতার করে মিথ্যা মামলায় জড়াচ্ছে।আন্দোলনের মাধ্যমেই অপশাসনের হাত থেকে বাংলার আপামর জনতাকে মুক্ত করতে হবে বলে তিনি জানান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সুলতান মাহমুদ রিপন, ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি সাঈদুর রহমান,অফিস সম্পাদক ডা. মুজাহিদ, প্রচার সম্পাদক গোলাম হায়দার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক,স্পোর্টস সম্পাদক বখতিয়ার সিদ্দিকী,কলেজ কার্যক্রম সম্পাদক আবু সাজিদ, আইন সম্পাদক জোবায়ের হোসাইন,

রুপনগর থানা শিবিরের সভাপতি আতিকুল হাসান, শেরেবাংলা থানা শিবিরের সভাপতি রফিকুল ইসলাম সুমন, হাজারীবাগ থানা শিবিরের সভাপতি মোঃ সোহেল প্রমূখ।

এআর