একই জায়গায় দুই গ্রুপের সমাবেশের ডাক দেয়াকে কেন্দ্র করে, রংপুর জাতীয় পার্টিতে বিরাজ করছে টান টান উত্তেজনা। এ ঘটনায় সংঘর্ষের আশঙ্কায় নগরবাসীর মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে।
জানা যায়, নতুন জেলা ও মহানগর কমিটি গঠন করায় এরশাদকে অভিনন্দন জানিয়ে নবগঠিত কমিটি রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে শনিবার সকাল ১১টায় জনসমাবেশের আয়োজন করে। এদিকে, একই সময় একই স্থানে সাবেক কমিটিও পাল্টা সভা আহবান করায় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পরে, সহিংসতার আশঙ্কায় প্রশাসন ওই জায়গায় ১৪৪ ধারা জারি করলে, জরুরী সংবাদ সম্মেলনে অন্য জায়গায় শান্তিপূর্ণভাবে সমাবেশ করার ঘোষণা দেয় নবগঠিত কমিটি।
শুক্রবার দুপুরে নগরীর সেনপাড়ায় এরশাদের পৈত্রিকনিবাস স্কাইভিউতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নতুন জেলা কমিটির সদস্য সচিব ও এরশাদের ভাতিজা এইচ এম শাহরিয়ার আসিফ জানান, জাতীয় পার্টি ভাঙ্গতে ও এরশাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে রংপুরবাসী তা রুখে দাঁড়াবে।
উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির আহবায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন, মহানগর কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব ইয়াছির আহম্মেদসহ জাতীয় পর্টির জেলা নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





