কুষ্টিয়ায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার দায়ে ৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার রানাখড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সাইদ ওরফে টিক্কা(২২), একই গ্রামের হাসিমুদ্দিনের ছেলে লাভলু মণ্ডল(২৫), জালাল উদ্দিন মালিথার ছেলে মহিদুল মালিথা(২২) ও একই উপজেলার তালবাড়িয়া গ্রামের মোশারফ আলীর ছেলে মোতাহার আলী(৪০)।
শুক্রবার সকাল ৮টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, সরকারের আদেশ অমান্য করে জেলেরা কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পদ্মা নদীর তালবাড়িয়া ঘাটে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
জেইউ





