গাজীপুরের কাপাসিয়ায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে আখিয়ার জামান মিছিল (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
জামান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার মোল্লা তারিকুজ্জামানের ছেলে এবং হাতিরদিয়া সা’দত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, আখিয়ার জামান মিছিল ঈদের ছুটিতে বৃহস্পতিবার গাজীপুরে কাপাসিয়ার দস্যু নারায়ণপুরে তার নানা জসিম সরকারের বাড়ি বেড়াতে আসে।
শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সে বাড়ির পার্শ্ববর্তী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
পরে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় তার লাশ কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় ওই নদী থেকে উদ্ধার করে।
এআই





