ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দারের ওপর হামলার মামলায় আওয়ামী লীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) ফেনীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক বদিউল আলমের আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ও পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।
অভিযুক্তরা হলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপন, চিথলীয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা, পরশুরাম পৌর শ্রমিকলীগের আহ্বায়ক ও পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, যুবলীগ নেতা মো. পারভেজ, রাশেদুল হাসান রাশু, ফারুক আহম্মদ, আবু তৈয়ব মাসুম ও নাসির উদ্দিন।
ফেনী কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান উদ্দিন চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৬ মে আওয়ামী লীগ নেতা তপন ও তার লোকজন পরশুরামের চিথলীয়া ইউনিয়নের ধনিকুন্ডা এলাকায় ইউএনও রকিব হায়দারকে মারধর করেন। এ ঘটনায় পরদিন ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে পরশুরাম থানায় মামলা করেন।
ওএফ





