ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।

ঝিনাইদহ জেলা দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম বুধবার দুপুরে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত রুবেল হোসেন সদর উপজেলার কোদালিয়া গ্রামের আবুল শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জেলার সদর উপজেলার ৭ম শ্রেণীর এক ছাত্রী ২০১০ সালের ৬ অক্টোবর প্রতিবেশী আবুল শেখের বাড়িতে ছোট বোনকে খুঁজতে যায়। এসময়  তাকে একা পেয়ে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে রুবেল। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ওই দিনই মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন।

জেআই