বাগেরহাটে ইমা পরিবহনের একটি বাসের ধাক্কায় রুস্তম শিকদার (৬০) নামে এক ইজিবাইকের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার জোকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকচালক রানা (২৬) ও নিহত রুস্তমের স্ত্রী ফিরোজা বেগম (৫০)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রুস্তম শিকদার উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তরিকুল ইসলাম জানান, চিংড়াখালী থেকে স্ত্রীসহ ইজিবাইকযোগে মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। পথে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুস্তমের মৃত্যু হয়। এ সময় রুস্তমের স্ত্রী ফিরোজা ও ইজিবাইকচালক রানা গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ রুস্তমের মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাসটিকে জব্দ করা হলে চালক ও গাড়িটির সহযোগী পালিয়ে গেছেন।





