স্কুল ভিত্তিক ম্যারাথন বৃত্তি কর্মসূচি নড়াইল থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। পায়ে হেঁটে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারী প্রথম এশিয়ান নারী জান্নাতুল মাওয়া রুমা ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি হাতে নিয়েছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হচ্ছে এক বছরের শিক্ষাবৃত্তি।

রোববার নড়াইল জেলায় প্রথম এই জেলা ভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। নড়াইল জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন জিরো পয়েন্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে নড়াইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। তিনটি গ্রুপে মোট ৫০ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

'হাঁটি স্বাস্থ্য গড়ি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি, একটি দুষণমুক্ত পরিবেশ গড়ি'এ শ্লোগানকে সামনে রেখে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন 'হেলপ ফর ইউ'এর আয়োজনে জনতা ব্যাংকের সহযোগিতায় এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মুন্সী আসাদুর রহমানের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৫ম শ্রেণী পর্যায়ে প্রথম চিন্ময় বৈরাগী, দ্বিতীয় সাগর শেখ এবং তৃতীয় হয়েছে হৃদয় মোল্যা। ৮ম শ্রেণী পর্যায়ের প্রতিযোগিতায় ১ম রিপন বিশ্বাস, দ্বিতীয় বিপাশা এবং তৃতীয় হয়েছে অপূর্ব সরদার। ১০ম শ্রেণী পর্যায় ১ম সাজিদ মিনা, দ্বিতীয় আঃ কাদের এবং তৃতীয় হয়েছে তুহিন মোল্লা।

অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, পায়ে হেঁটে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারী প্রথম এশিয়ান নারী ও ম্যারাথন প্রতিযোগিতার উদ্যোক্তা জান্নাতুল মাওয়া রুমা, জেলা শিক্ষা সংস্থার কর্মকর্তা আব্দর রশিদ মন্নু, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, সমাজ সেবক শেখ হানিফ, মুন্সী আসাদুর রহমান সহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় নড়াইল সুলতান মঞ্চ চত্বরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পায়ে হেটে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারী প্রথম এশিয়ান নারী ও ম্যারাথন প্রতিযোগিতার উদ্যোক্তা জান্নাতুল মাওয়া রুমাকে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত জান্নাতুল মাওয়া রুমা জানান, দেশের ৬৪ জেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রথমে নড়াইল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামীতে বিশ্ববাসীও জানবে যে, ম্যারাথনে বাংলাদেশের ছেলেমেয়েরা পিছিয়ে নেই।

এআর