ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবেল (২৭) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ভ্যানচালকসহ আরও দু’জন।
নিহত রুবেল উপজেলার খোজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার পিতার নাম তালেব মাস্টার।
সোমবার (২০ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ শেষে ভ্যান গাড়িতে করে বাড়ি যাচ্ছিলেন রুবেল। এ সময় পীরগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। ভ্যানচালকসহ আরও দু’জন আহত হয়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওএফ





