পঞ্চগড় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় জেলা সদর ও বোদা উপজেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্রনাথ রায় (৬০), পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ট্রাক্টর হেলপার সাইফুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্রনাথ মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পঞ্চগড়-মাড়েয়া সড়কের তেপুকুরিয়া বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন বীরেন্দ্রনাথ ও তার ভাগনে বিমল চন্দ্র। গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে বীরেন্দ্রনাথের মৃত্যু হয়। আহত বিমল চন্দ্রকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে চালককে আটক করা যায়নি।
এদিকে একই সময় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকায় বালু বোঝাই একটি ট্রাক্টর উল্টে ওই ট্রাক্টরের সহকারী সাইফুল নিহত হয়েছেন। এ সময় এর চালক সালাম ও অপর সহকারী ইউনুস আহত হন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





