কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার দায়ে ৭ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমার নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা, বাহিরচরের মসলেমপুর এলাকায় দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ৩৫০০০ মিটার কারেন্ট জাল, ৬ টি ইজ্ঞিন চালিত নৌকা ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৭ জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল পুঁড়িয়ে ধংস করা হয়। ইঞ্জিন চালিত নৌকা ৬ টি কে বাজেয়াপ্ত করা হয় এবং জব্দকৃত মাছগুলো পূর্ব ভেড়ামারা ফুরকানিয়া ও মা খোদেজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমান অদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম (২২), ওয়াকীম সর্দ্দারের ছেলে বাচ্চু (৩৫), মৃত জমির উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৮), শহাদতের ছেলে শিমুল (২৩), জালাল উদ্দিনের ছেলে রাজিব (১৮), জসিম (২৫) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার বাদু শেখের ছেলে কুটি মাঝি (৫৬)।

এসএইচ