সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মন্ত্রীসভায় অনুমোদন দেয়া সম্প্রচার নীতিমালা সংবাদপত্রসহ সব গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অশুভ প্রচেষ্টা। এ নীতিমালার মাধ্যমে টকশোও নিয়ন্ত্রণ করা যাবে।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন,প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট-১৯৭৩ সংশোধন করে নতুন যে সম্প্রচার নীতিমালা করা হচ্ছে তা সব গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে।

খন্দকার মাহবুব বলেন, বর্তমান সরকার জনগণের সমর্থনবিহীন সরকার। সরকারের দুর্নীতি, অপশাসন ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যেন জনসম্মুখে প্রকাশ না পায়, সে কারণে নতুন সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

সরকারের এ অশুভ প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য গণমাধ্যমের নেতাকর্মী ও আইনজীবীরা যে আন্দোলন শুরু করেছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন খন্দকার মাহবুব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ সভাপতি এম খালেদ ও ড. মেহেদী এবং সহ সম্পাদক এ কে এম রেজাউল করিম খন্দকার।

ঢাকা, কেএ, ৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, জেএ