ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীতে পুলিশের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় ১০-১৫টি গাড়ি ভাঙচুর ও একটি প্রাইভেটকার কারে আগুন দিয়েছে ছাত্রদলকর্মীরা।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায়ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরে হরতালের সমর্থনে সকাল ৮টায় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে স্থানীয় সমাজ কল্যাণ রোড থেকে ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় এসে পিকেটিং ও বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশ বাধা দেয়।
এসময় পুলিশের সাথে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় ছাত্রদলকর্মীরা ১০-১৫টি গাড়ি ভাঙচুর করে ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে হয়। একপর্যায়ে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের মুখে ছাত্রদলকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনার পরে পুলিশ স্থানীয় সমাজকল্যাণ রোডে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার ও ছাত্রদল নেতা ইকরামুলকে আটক করে।
এদিকে রোববার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের মালেকের বাড়ি হারিকেন ফ্যাক্টরি এলাকায়ও পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়। সেখানে বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।
ইআর





