রাজধানীর শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮টায় হাসপাতালটির বহির্বিভাগ থেকে টিকিট কেটে তিনি চিকিৎসা নেন।
সূত্র জনিয়েছেন, চোখের অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসার ফলেআপ করাতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বার্ধ্যকজনিত কারণে প্রধানমন্ত্রী চোখের সমস্যায় ভুগছিলেন। এছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এরপর থেকেই দেশে-বিদেশে কয়েকদফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন।
এরমধ্যে চলতি বছরের ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকেট কেটে চিকিৎসা নিয়েছিলেন।
এরপর সরকারি সফরকালে ৪ মে লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।
গত ২৭ মে ধানমণ্ডি ২৭-এ অবস্থিত ডা. দ্বীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের কাছে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা নিয়েছিলেন তিনি।
তখন চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে তার ডানচোখে অস্ত্রোপচারের পরামর্শ দিলে তিনি চলতি বছরের জুলাইতে আবারো লন্ডনে সরকারি সফরে যান। এই সফরে থাকাকালীন ২২ জুলাই তার বাম চোখের ছানির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
এসএম





