করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
মঙ্গলবার (৩০ মার্চ) তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।
তিনি জানান, ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। রোববার রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়েছে।
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।





